মতের অমিল থাকলেও ছাত্ররাই আমার বন্ধু!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন ও এবিভিপির (ABVP) সাম্প্রতিক সংঘর্ষ ঘিরে রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে। এই আবহেই ফেসবুক লাইভে এসে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ে অর্জিত গৌরব ও ভাঙচুরের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট জানান, রাজনৈতিক বা আদর্শগত মতভেদের ঊর্ধ্বে গিয়ে তিনি ছাত্রসমাজকে সম্মান করেন এবং এই কঠিন পরিস্থিতিতে তাঁদের পাশেই রয়েছেন।

বিশ্ববিদ্যালয় চত্বরে তাণ্ডব ও ঐতিহ্যবাহী প্রতীক (Emblem) ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে মমতা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে শীর্ষস্থানে থাকা একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন হামলায় তাঁর হৃদয় কেঁদেছে। অতীতে প্রেসিডেন্সি ও আশুতোষ কলেজে হামলার প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, ভয় দেখিয়ে কি রাজ্যজুড়ে সব বিশ্ববিদ্যালয় দখলের চক্রান্ত চলছে? নিজের ছাত্র আন্দোলন থেকে উঠে আসার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বিজেপিকে নিশানা করে জানান, ছাত্রদের কণ্ঠ স্তব্ধ করা সম্ভব নয় এবং বিজেপিকে রাজনৈতিকভাবে না সরানো পর্যন্ত তাঁদের আন্দোলন থামবে না।

অন্যদিকে, সোমবার যৌথ সাংবাদিক বৈঠক ডেকে এই পুরো ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেছে জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন এবিআরএসএম (ABRSM), ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) এবং বিএমএস (BMS)। ক্যাম্পাসে অসামাজিক কার্যকলাপ রুখতে স্থায়ী পুলিশ ফাঁড়ি বসানোর পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিকৃতির অভিযোগে প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের গ্রেফতারির দাবি জানিয়েছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *