ফুটপাথে দুধ গরম কাণ্ড! মানবিকতার পাশে রাজনীতি, বিতর্কের মুখে মমতা?

বার্তা ডেস্কঃ

কলকাতা: পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য এক বৃদ্ধার দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক তরজা তুঙ্গে। সম্প্রতি সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিষয়টি নিয়ে সরব হয়ে পাল্টা তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ ফোটাচ্ছিলেন এক বৃদ্ধা। সুরক্ষার খাতিরে ও দুর্ঘটনা এড়াতে তাঁকে সেখানে দুধ গরম করতে বাধা দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি দুধ গরম করা বন্ধ করতে বলেন এবং বৃদ্ধার আবাসের কথা জানতে চান। জবাবে ওই মহিলা আক্ষেপ করে জানান, গত ৫০ বছর ধরে পার্ক স্ট্রিটের ফুটপাথই তাঁর ঠিকানা। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই অগ্নিমিত্রা পালের মানবিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। অবশ্য পরে এক ভিডিও বার্তায় অগ্নিমিত্রা জানান, কোনো শিশুর খাবার কেড়ে নেওয়া হয়নি, শুধু সতর্কতার জন্য সরে যেতে বলা হয়েছিল।

মমতার সমবেদনা ও প্রতিশ্রুতি সোমবার ফেসবুক লাইভে বিষয়টিতে গভীর ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। একজন অসহায় মা রাস্তার ওপরে সন্তানের জন্য দুধ ফোটাক বা না ফোটাক, সে তো বাধ্য হয়েই করছে। মায়ের অভিশাপ কিন্তু বড় অভিশাপ।” একই সঙ্গে তিনি ঘোষণা করেন, ওই পরিবার রাজি থাকলে দলীয় কোনো কর্মীর বাড়িতে তাঁদের থাকার ব্যবস্থা এবং শিশুর পড়াশোনার সমস্ত দায়িত্ব তিনি নিজে নেবেন।

শুভেন্দুর পাল্টা আঘাত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরেই তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তোলেন, “উনি নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখছেন না কেন?” শুভেন্দুর দাবি, “হালিশহরে তো ওনার কর্মীর বাড়িতে ওনাকেই ঢুকতে দেওয়া হয়নি। ওনার দলের কর্মীরাই ওনাকে ভরসা করে না, এসব বলে কী লাভ!” তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তিনি তাঁদের আর্থিক সাহায্য করার পাশাপাশি চাকরির আশ্বাসও দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *