রাজপথে নয়, ফেসবুকেই থাকুন! মমতাকে নিয়ে শুভেন্দুর হুঁশিয়ারিতে তুঙ্গে বিতর্ক
বার্তা ডেস্কঃ 
অন্নপূর্ণা ভাণ্ডারসহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার অভিযোগে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি ফেসবুক লাইভে এসে তিনি বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বলেন, এই সমস্ত প্রকল্প স্থায়ী নয় এবং মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তবে আগামী দিনে জনগণকে বিকল্প ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।
তৃণমূল নেত্রীর এই বক্তব্যের জবাবে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কড়া সুরেই বলেন, “আপনি বিকেল বেলায় ফেসবুকেই থাকুন, আপনাকে আর রাস্তায় বের হতে হবে না। যাতে রাস্তায় বের না হতে পারেন, সেই ব্যবস্থাই করব।” পাশাপাশি, প্রাক্তন সরকারের উন্নয়ন নীতির সমালোচনা করে বিরোধীদের সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। শাসকদলের এমন মানসিকতাকে ‘দমনপীড়নমূলক’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি এ ধরনের মন্তব্য কোন রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দেয়? একই সঙ্গে কুণাল ঘোষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা তথা ভারতজুড়ে ঘুরে বেড়াবেন, ক্ষমতা থাকলে আটকে দেখাক রাজ্য সরকার।”