মন্ত্রিসভায় নতুনদের সুযোগ দিন, গড়কড়ির সাহসী মন্তব্যে তোলপাড় রাজনীতি!
বার্তা ডেস্কঃ
কেন্দ্রের মন্ত্রিসভায় রদবদলের জল্পনা তুঙ্গে ওঠার মাঝেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। নাগপুরের একটি অনুষ্ঠানে নিজের কর্মক্ষমতা ও কাজের গতি কমার কথা স্বীকার করে তিনি স্পষ্ট জানান, এখন আর আগের মতো গতি বজায় রাখা সম্ভব নয়। তাই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এবার তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত। দীর্ঘ তিন দশকের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রবীণদের মূল কাজ হলো নতুন প্রজন্মকে সঠিক পথপ্রদর্শন করা।
রাজনৈতিক মহলের মতে, গড়কড়ির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর আগেই বিজেপি তাদের জাতীয় কমিটিতে বড় ধরনের সাংগঠনিক রদবদল ঘটিয়েছে। নতুন কমিটিতে অর্ধেকের বেশি নতুন মুখ স্থান পাওয়ায় দলের অন্দরে প্রজন্মের পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। এই সাংগঠনিক পটপরিবর্তনের পরেই মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও রদবদলের গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে নিজের সীমাবদ্ধতার কথা বললেও মহারাষ্ট্রের প্রতিটি কোণায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া এবং রাজ্যের আদিবাসী গ্রামগুলিকে বিদ্যুৎহীন না রাখার ভবিষ্যৎ লক্ষ্যের কথাও দৃঢ়ভাবে তুলে ধরেন তিনি।