রান্নাঘরে আগুন, কালোবাজারি রুখতে মাঠে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ!
বার্তা ডেস্কঃ
চিনি, তেল থেকে শুরু করে চালসহ রান্নাঘরের প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এই মূল্যবৃদ্ধির নেপথ্যে অসাধু কারবার ও বেআইনি মজুতদারি নজরে আসতেই কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পরেই মঙ্গলবার সকাল থেকে কলকাতার বড় বড় পাইকারি ও খুচরো বাজারে আচমকা অভিযানে নামে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। লালবাজারের নির্দেশে গঠিত বিশেষ দলগুলি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে মজুতদারি ও পণ্যের প্রকৃত দর খতিয়ে দেখে।
কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এই প্রশাসনিক তৎপরতা সমানভাবে বজায় রয়েছে। বাঁকুড়াসহ বিভিন্ন এলাকার বাজারে ও প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্য মজুত করার পাশাপাশি সুরক্ষা মানও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন আধিকারিকরা। অসাধু ব্যবসায়ীদের দাপট রুখতে এবং মধ্যবিত্তের বাজেটে স্বস্তি ফেরাতে রাজ্য সরকারের এই আকস্মিক ও কঠোর পদক্ষেপে সংশ্লিষ্ট মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে।