যাদবপুরে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, নিমেষেই মুছল বিতর্কিত গ্রাফিতি!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা ‘দেশবিরোধী’ ও ‘আপত্তিকর’ দেওয়াল লিখন এবং গ্রাফিতি মুছে ফেলতে দ্রুত ‘সাফাই অভিযান’ শুরু করতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কড়া সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, যাদবপুরে কোনোভাবেই ‘দেশবিরোধী’ কর্মকাণ্ড বা উগ্র মন্তব্য বরদাশত করা হবে না। কলা বিভাগের হস্টেল চত্বরে থাকা বিতর্কিত দেওয়াল লিখনের ভিডিও এক্স (টুইটার) হ্যান্ডলে পোস্ট করে পদক্ষেপের স্পষ্ট বার্তা দেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনিক বৈঠকের পর ক্যাম্পাস ও হস্টেল চত্বরে থাকা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘নক্সালবাড়ি’ কিংবা সহিংস বার্তা দেওয়া বিভিন্ন গ্রাফিতি ও স্লোগান মুছে ফেলার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ফেটসু (FETSU)-র বৈঠককে কেন্দ্র করে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর। ক্যাম্পাসে শান্তি ফেরাতে সব পক্ষের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানেও এবিভিপি ও এনএসএফ-এর পক্ষ থেকে এই ধরনের আপত্তিকর দেওয়াল লিখন দ্রুত সরিয়ে ফেলার দাবি জানানো হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য অসুস্থ থাকায় তিনি সুস্থ হয়ে ফিরলেই আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে এই মোছার কাজ শুরু হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *