লালবাড়ির দখল নিতে মরিয়া বিজেপি, সুকান্ত-রাহুলের কাঁধে বড় দায়িত্ব!

বার্তা ডেস্কঃ

আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা না হলেও কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সরগরম তুঙ্গে। সূত্রের খবর, আগামী ৭ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভা বোর্ড গঠনের লক্ষ্যে এখনই কোমর বেঁধে মাঠে নামছে গেরুয়া শিবির। মঙ্গলবারে উত্তর ও দক্ষিণ কলকাতার বিধায়কদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, সুকান্ত মজুমদার ও অমিতাভ চক্রবর্তীর মতো শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বুথস্তরের প্রস্তুতি, ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক শক্তি এবং প্রার্থী বাছাইয়ের মতো স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

এমতাবস্থায় রাজ্য বিজেপির পক্ষ থেকে দুই পুরসভার নির্বাচনী পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্তদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইন-চার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে, যার সাথে কো-ইনচার্জ পদে অনিন্দ্য ব্যানার্জি এবং কনভেনর ও কো-কনভেনার পদে যথাক্রমে তাপস রায় ও রীতেশ তিওয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইন-চার্জ পদে রাহুল সিনহা এবং কনভেনার হিসেবে সঞ্জয় সিং-কে নিযুক্ত করা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের অনুমোদিত এই তালিকার মাধ্যমে নির্বাচনী যুদ্ধজয়ের জন্য সংগঠনকে মজবুত করাই দলের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *