পুজোর আগেই ছ্যাঁকা, হু হু করে বাড়ল চিনির দাম!
বার্তা ডেস্কঃ
গ্যাসের দামবৃদ্ধির পর এবার চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যের মিষ্টি ব্যবসায়ী ও সাধারণ মানুষের কপালে। দুর্গাপুজোর ঠিক মুখেই মিষ্টি তৈরির মূল উপাদান চিনির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে পাইকারি ও খুচরো বিক্রেতাদের।
হিসাব অনুযায়ী, বাজারে বস্তাপ্রতি চিনির দাম প্রায় ১,০০০ থেকে ১,১০০ টাকা পর্যন্ত বেড়েছে। অগস্টের শুরুতেও যে চিনির কেজি ছিল ৪৮ টাকা, তা মাত্র এক সপ্তাহের ব্যবধানে দাঁড়িয়েছে ৬৬ থেকে ৭২ টাকায়। ব্যবসায়ীদের মতে, ইথানল উৎপাদনে আখের ব্যবহার বৃদ্ধি পাওয়া এবং রাজ্যে নিজস্ব কোনো চিনির মিল না থাকায় মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও উত্তরপ্রদেশের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে সেখান থেকেও জোগান কমে আসায় তৈরি হয়েছে এই কৃত্রিম সংকট।
উৎপাদন খরচ হু-হু করে বাড়লেও ক্রেতা হারানোর ভয়ে মিষ্টির দাম বাড়াতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে লাভ তো দূরের কথা, পকেটের কড়ি খরচ করে ব্যবসা টিকিয়ে রাখতে হচ্ছে। তবে বাজারে কালোবাজারি রুখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে নজরদারি চালানোর আশ্বাস দেওয়া হয়েছে।