সপরিবার নদীতে ঝাঁপ দিলেন ইঞ্জিনিয়ার, সুইসাইড নোটে ধর্মান্তরণের চাঞ্চল্যকর ইঙ্গিত!

বার্তা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশের রাজামাধবেন্দ্রম রেলসেতু থেকে গোদাবরী নদীতে সপরিবার ঝাঁপ দিয়ে চরম পথ বেছে নিলেন পেশায় ইঞ্জিনিয়ার থিলাপুরি নুকারাজু, তাঁর স্ত্রী মীনা ও কন্যা সৌজন্য। গত ১৬ আগস্ট গভীর রাতের এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় কেবল নুকারাজুর ১০ বছরের নাতি জীবিত উদ্ধার হলেও বাকি তিনজনই সলিলসমাধি গ্রহণ করেন। পুলিশের হাতে আসা এক সুইসাইড নোটে মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছে রাইফেল শুটিং কোচ শেখ সাদিক খানকে। ঘটনার পর থেকে পলাতক থাকলেও সম্প্রতি উত্তরপ্রদেশের মেরঠ থেকে তাঁকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে এসেছে পুলিশ।

এদিকে এই গণ-আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি ও জনমানসে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রাক্তন সাংসদ বিজয়সাই রেড্ডির চাঞ্চল্যকর অভিযোগ, এই ঘটনার পেছনে ধর্মান্তরণ, তোলাবাজি ও দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত একটি চক্র সক্রিয় রয়েছে। অভিযুক্ত সাদিক খান এমন এক দশ সদস্যের দলের অংশ, যারা কাকিনাড়া ও সংলগ্ন এলাকার অন্তত ১৫টি পরিবারকে লক্ষ্যবস্তু বানিয়েছিল বলে দাবি তাঁর। গোটা ঘটনার পেছনে কোনো আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সিবিআই বা এনআইএ তদন্তের দাবিও তুলেছেন তিনি। আপাতত পুলিশি তদন্তের মধ্য দিয়েই প্রকৃত সত্য প্রকাশের অপেক্ষায় সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *