সিএসকে ছাড়ছেন ধোনি! বড় বিচ্ছেদের পথে ক্যাপ্টেন কুল?

বার্তা ডেস্কঃ

আইপিএলের সূচনা থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও দীর্ঘ দুই দশক পর সেই সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর, সম্প্রতি সিএসকে ফ্র্যাঞ্চাইজির ২৫ শতাংশ মালিকানা কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তবে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ প্রথম দিকে ৩ শতাংশ এবং পরবর্তীতে সর্বোচ্চ ৫.৫ শতাংশ শেয়ার হস্তান্তরে সম্মত হয়। ধোনি নিজের দাবি কমিয়ে ১৮ শতাংশে আনলেও দুই পক্ষের মধ্যে লিখিত কোনো চুক্তি হয়নি এবং সমঝোতা সম্পূর্ণ ব্যর্থ হয়।

শেয়ার কেনাবেচা নিয়ে ব্যবসায়িক মতপার্থক্যের কারণে ধোনি সিএসকে ম্যানেজমেন্টের ওপর অত্যন্ত ক্ষুব্ধ বলে জানা গেছে। গত মরশুমে চোটের কারণে পুরো সময় ডাগআউটে কাটানো মাহি আর মাঠে নামবেন না এবং অন্য কোনো ভূমিকা নিয়েও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ধোনি সিএসকের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলায় ব্র্যান্ড মূল্যে বড় ধাক্কা খাওয়ার আশঙ্কায় চেন্নাই কর্তৃপক্ষ এখনও শেষ মুহূর্তের আলোচনা চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *