ডাস্টবিনে চকলেট! কানপুরের এই ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
বার্তা ডেস্কঃ
কানপুরের পঙ্কি এলাকা থেকে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। আবর্জনার স্তূপ থেকে ফেলা দেওয়া মেয়াদোত্তীর্ণ চকলেট ও টফি কুড়িয়ে নেওয়ার জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখে হতবাক নেটিজেনরা।
ঘটনাস্থলে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে পকেট, ব্যাগ, বস্তা এবং মোটরসাইকেলের কার্টনে করে বিষাক্ত ওই চকলেট ভরতে দেখা যায়। জানা গেছে, একটি স্থানীয় কারখানা মেয়াদোত্তীর্ণ এই চকলেটগুলো ডাস্টবিনে ফেলে যায়। আর সেই খবর রাষ্ট্র হতেই শয়ে শয়ে মানুষ সেখানে এসে জমা হন। ‘X’ (সাবেক টুইটার)-এ চিত্রটি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে।
এই ঘটনায় সাধারণ মানুষের সচেতনতা ও খাদ্য নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। চিকিৎসকদের মতে, এই মেয়াদোত্তীর্ণ খাদ্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, একটি বড় অংশ একে দেশের অর্থনৈতিক সংকট ও চরম দারিদ্র্যের প্রতিচ্ছবি বলে মনে করছেন। পাশাপাশি, এত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য নিয়ম মেনে ধ্বংস না করে কেন খোলা জায়গায় ফেলা হলো, তা নিয়ে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।