চিনির দাম কমল ১৮ শতাংশ, খুচরো বাজারে কি মিলবে স্বস্তি?

বার্তা ডেস্কঃ

কেন্দ্রের একাধিক কার্যকর পদক্ষেপের জেরে অবশেষে স্বস্তি মিলল চিনির বাজারে। খাদ্যমন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া জানিয়েছেন, মিল থেকে বেরনো এক্স-মিল চিনির দাম ১৮ শতাংশ কমে বর্তমানে প্রতি কেজি ৫৫ টাকায় নেমে এসেছে। অথচ গত সপ্তাহে এই দাম রেকর্ড গড়ে প্রতি কেজি ৬৭ টাকায় পৌঁছেছিল। মূলত মজুতদারি রুখতে কড়া নজরদারি এবং অপরিশোধিত চিনি আমদানির অনুমোদনের ফলেই এই মূল্যপতন সম্ভব হয়েছে। চলতি অর্থবর্ষে দেশের অভ্যন্তরীণ চিনির চাহিদা ২৮০ থেকে ২৮৫ লক্ষ টন হলেও পর্যাপ্ত উৎপাদন ও মজুত রয়েছে বলে জানিয়েছে মন্ত্রক।

এদিকে, ন্যাশনাল ফেডারেশন অফ কো-অপারেটিভ সুগার ফ্যাক্টরিজের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের কোনো রাজ্যেই এখন এক্স-মিল চিনির দাম কেজিপ্রতি ৫৫ টাকার বেশি নয়। দেশজুড়ে বিশেষ স্কোয়াড মোতায়েন করে অবৈধ মজুতদারি কঠোর হাতে দমন করা হচ্ছে। তবে মিলের দাম কমলেও পাইকারি ও খুচরো বাজারে এর সম্পূর্ণ সুফল এখনও পৌঁছয়নি। বর্তমানে পাইকারি বাজারে চিনির দাম ৫৮ টাকার কাছাকাছি এবং খুচরো বাজারে গড় দাম প্রায় ৬৩ টাকা রয়েছে। খুব শীঘ্রই খুচরো বাজারেও দাম কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *