এবার মধ্যবিত্তের বাজেটেও নজরকাড়া ডেস্টিনেশন ওয়েডিং হবে আপনার চেনা বাংলাতেই!

বার্তা ডেস্কঃ

সেলিব্রিটিদের দেখাদেখি সাধারণ হবু দম্পতিদের মধ্যেও এখন জাঁকজমকপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিংয়ের জনপ্রিয়তা তুঙ্গে। তবে সবার পক্ষে বিদেশ বা ভিনরাজ্যে গিয়ে বিয়ে করার খরচ বহন করা সম্ভব হয় না। সাধারণ মধ্যবিত্তের এই স্বপ্ন পূরণ করতেই পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক মানের ‘ওয়েডিং ডেস্টিনেশন’ হিসেবে গড়ে তোলার বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি এই বিষয়ে প্রথম সারির একাধিক ওয়েডিং প্ল্যানারের সঙ্গে বৈঠক করেছেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। দার্জিলিং, সুন্দরবন, পুরুলিয়া ও দিঘার মতো মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ও ঐতিহ্যবাহী স্থানগুলিকে বিয়ের আদর্শ স্পট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে পর্যটন দফতর।

শুধু বিয়ে নয়, রাজ্যের সামগ্রিক পর্যটন পরিকাঠামো উন্নত করতেও একাধিক বড় পদক্ষেপ করা হয়েছে। পর্যটনমন্ত্রী জানান, রাজ্যজুড়ে এক হাজারটি নতুন ‘ট্যুরিস্ট অ্যামেনিটি সেন্টার’ তৈরি করা হবে এবং প্রতিটি পর্যটনকেন্দ্রে পানীয় জল ও বায়ো-টয়লেটের স্থায়ী বন্দোবস্ত করা হবে। পাশাপাশি, জেলার নিজস্ব দর্শনীয় স্থানগুলিকে যুক্ত করে বিশেষ ‘ডিস্ট্রিক্ট ট্যুরিজম প্যাকেজ’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যকে একটি বিশ্বমানের গন্তব্যে পরিণত করতে এবং পর্যটকদের বছরভর আকর্ষণ করতে এই পরিকাঠামোগত আমূল বদল আনা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *