অন্নপূর্ণার টাকা পুরুষ হয়েও নিজের অ্যাকাউন্টে! বিডিও অফিসে যা করলেন বৃদ্ধ!
বার্তা ডেস্কঃ
ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ তিন হাজার টাকা জমা হওয়াকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায়। খড়কাঠি গ্রামের বাসিন্দা তথা নিয়মিত প্রতিবন্ধী ভাতাভোগী সামজাদ শেখের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্প্রতি এই অর্থ ঢুকে পড়ে। মূলত মহিলাদের জন্য ধার্য করা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা নিজের অ্যাকাউন্টে আসায় রীতিমতো ঘাবড়ে যান ওই বৃদ্ধ। কীভাবে এই সরকারি অনুদান তাঁর কাছে পৌঁছাল, তা বুঝতে না পেরে সম্পূর্ণ টাকাটি ফেরত দিতে সোজা স্থানীয় বিডিও অফিসে ছুটে যান তিনি।
বিডিও অফিসে পৌঁছানোর পর সমস্ত ঘটনা বিস্তারিত জানিয়ে নিজের ব্যাঙ্কের মেসেজ দেখান সামজাদ। তিনি সাফ জানান, পুরুষ হওয়ায় তিনি এই সরকারি প্রকল্পের জন্য কোনো আবেদনই করেননি, তাই এই টাকা তাঁর প্রাপ্য নয়। ঘটনার সত্যতা স্বীকার করে রঘুনাথগঞ্জ-২ ব্লকের বিডিও শুভময় মাঝি জানান, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং নির্দিষ্ট ট্রেজারি চালানের মাধ্যমে ওই অর্থ সরকারি তহবিলে ফেরত নেওয়ার আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।