এনআরসিতে নাম না থাকলেই কি কেড়ে নেওয়া যাবে নাগরিকত্ব? বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পেশ করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, এসআইআর বা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব সরাসরি খারিজ হয়ে গিয়েছে। আদালতের মতে, এই কারণে তালিকাভুক্ত নাগরিকদের কোনওভাবেই সরকারি সুযোগ-সুবিধা বা কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি ভি মোহানা ও বিচারপতি জয়মাল্য বাগচির বিশেষ বেঞ্চ এই মামলার শুনানি পরিচালনা করে।
শুনানিম চলাকালীন আদালতে জানানো হয় যে, রাজ্যের তরফে জমা পড়া লক্ষ লক্ষ আপিলের বেশিরভাগই নাম বাদ দেওয়ার দাবির বিরুদ্ধে করা হয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে এবং বহু মানুষের নাম নতুন করে তালিকায় যুক্ত করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা বজায় রাখতে এবং সঠিক তথ্য জানতে নির্বাচন কমিশনকে একটি বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, কতগুলি আবেদন নতুন নাম অন্তর্ভুক্তির জন্য এবং কতগুলি নাম বাদ দেওয়ার জন্য জমা পড়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান আগামী দিনে কমিশনকে পেশ করতে হবে।