আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন, প্রাণ হারালেন একজন!
বার্তা ডেস্কঃ
হাওড়ার আন্দুলের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম গোপা মুখোপাধ্যায় (৭২)। এই ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েক জন বাসিন্দা। বুধবার দুপুরে আন্দুলের আমতলায় উত্তরায়ন নামের ওই বহুতল আবাসনের তিনতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন অন্য ফ্ল্যাটে ছড়িয়ে পড়ায় গোটা চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় ভরে যাওয়ায় আবাসনের বিভিন্ন তলে বহু মানুষ আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তবে দমকল সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার জেরে আবাসনের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে ভবনটি তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি, গৃহহীন হয়ে পড়া বাসিন্দাদের সাময়িক থাকার ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে।