সাপের ছোবলে স্তব্ধ স্কুলছাত্রীর জীবন, ৯ দিনের লড়াইয়ের মর্মান্তিক সমাপ্তি!
বার্তা ডেস্কঃ
আরামবাগের গোঘাট ব্লকের সিংড়াপুর গ্রামের বাসিন্দা এক নবম শ্রেণির ছাত্রীর সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। মৃত নাবালিকার নাম অনিতা সরেন, বয়স বারো বছর। পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে খাওয়া-দাওয়ার পর সে নিজের ঘরে ঘুমোতে যায়। গভীর রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতালে রক্ত পরীক্ষার পর নাবালিকার রক্তে সাপের বিষের উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসকরা, যদিও তার শরীরে কোনো দংশনের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। এরপর টানা নয় দিন ধরে যমে-মানুষের লড়াই চলে এবং চিকিৎসকরা তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে তার মৃত্যু হয়। এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ পুরো এলাকায়।