মাছ-বিতর্ক ও নিষাদ-অপমান, যোগীর গদি কি নড়বড়ে!
বার্তা ডেস্কঃ
মাছ খাওয়া ঘিরে চলমান রাজনৈতিক বিতর্ক এবং নিষাদ সম্প্রদায়কে অপমানের অভিযোগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তীব্র তোপ দাগলেন রাজ্য কংগ্রেস সভাপতি অজয় রায়। লখনউয়ের এক যৌথ সংবাদ সম্মেলনে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নিষাদ নেতা রাম নিহাল নিষাদকে পাশে বসিয়ে তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।
সংবাদ সম্মেলনে রাম নিহাল নিষাদ অভিযোগ তোলেন, চলতি মাসে এক জাতীয় টিভি চ্যানেলের লাইভ শো-তে সরকারি চ্যানেলের মাধ্যমে নিষাদ সম্প্রদায়ের মা-বোনদের উদ্দেশ্যে অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে। তিনি দাবি করেন, এই কুরুচিকর মন্তব্যের পেছনে বিজেপির প্রত্যক্ষ হাত রয়েছে এবং এই ঘটনায় গোটা নিষাদ সমাজ গভীরভাবে মর্মাহত। পাশাপাশি, হনুমানগড়ির পুরোহিত রাজু দাসের বিরুদ্ধেও অশালীন আচরণ ও মন্তব্যের অভিযোগ আনে কংগ্রেস।
ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়ে অজয় রায় প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী যখন অন্যের মাছ খাওয়া নিয়ে মন্তব্য করতে পারেন, তখন রাজ্যে নারীদের ওপর ক্রমাগত হওয়া অপরাধ ও হত্যাকাণ্ড নিয়ে তিনি কেন নীরব? অজয় রায় দাবি করেন, যারা নিষাদ সম্প্রদায়কে অপমান করছে তারা আসলে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ শিবিরেরই লোক। যোগী আদিত্যনাথ ক্রমাগত মিথ্যা প্রচার করছেন উল্লেখ করে তিনি মন্তব্য করেন, “যোগীজি আর মঠে বসার যোগ্য নন।” এই অপমানের প্রতিবাদে আগামী দিনে বিজেপি সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় কংগ্রেস।
অন্যদিকে, উত্তরপ্রদেশে আম আদমি পার্টি (AAP)-র জোটের সম্ভাবনা ও অরবিন্দ কেজরিওয়াল প্রসঙ্গে অজয় রায় কটাক্ষ করে বলেন, ইউপির মানুষ অত্যন্ত সচেতন; যারা জনগনকে ধোঁকা দিতে আসে তাদের স্থান এখানে নেই। ২০১৪ সালে মোদীকে জেতাতে কেজরিওয়াল বারাণসীতে আসলেও তারপর আর তাঁর দেখা মেলেনি। পাশাপাশি অখিলেশ যাদব ও সঞ্জয় সিংয়ের বৈঠক প্রসঙ্গে তিনি জানান, কেবল বন্ধ ঘরে বৈঠক করলেই হয় না, রাজপথে মানুষের সুখে-দুঃখে একমাত্র রাহুল গান্ধীর সৈনিকেরা-ই লড়াই করছে।