মাত্র ৩৫ টাকায় ১ কেজি পেঁয়াজ, দাম নিয়ন্ত্রণে কেন্দ্রের বড় চমক!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমের মুখেই বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। গত এক মাসে খুচরো বাজারে প্রতি কেজি পেঁয়াজের দর প্রায় ৬০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যা এক বছরের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বেশি। এর ফলে সাধারণ মধ্যবিত্তের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসায়ীদের পকেটেও টান পড়ছিল।
এই চরম অস্বস্তিকর পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারি ‘বাফার স্টক’ থেকে বাজারে অতিরিক্ত পেঁয়াজ সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের নাসিক থেকে রাজধানী দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত পেঁয়াজ পাঠাতে চালানো হচ্ছে বিশেষ ‘কান্দা এক্সপ্রেস’ ট্রেন ও ট্রাক।
কোথায় মিলবে ৩৫ টাকার পেঁয়াজ? ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) এবং NAFED-এর মাধ্যমে দিল্লি এবং কলকাতা, চেন্নাই, গুয়াহাটি, বারাণসীসহ দেশের প্রধান শহরগুলিতে পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে। মোবাইল ভ্যান, ‘সফল’ এবং কেন্দ্রীয় ভান্ডারের আউটলেটগুলির মাধ্যমে সাধারণ মানুষ প্রতি কেজি মাত্র ৩৫ টাকায় পেঁয়াজ কিনতে পারবেন। সরকার আশ্বস্ত করেছে যে দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে এবং এই তৎপরতার ফলে দ্রুতই বাজারদর পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।