ম্যাডিসন স্কয়ারে মোহন ভাগবতের সভা ঘিরে নিউ ইয়র্কে তুঘলকি কাণ্ড!

বার্তা ডেস্কঃ

নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের আসন্ন সমাবেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বড় ধরনের রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। আরএসএস-এর শতবর্ষপূর্তি উপলক্ষে বিশ্বব্যাপী জনসংযোগের অংশ হিসেবে ২৯ আগস্ট এই সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ৫,০০০ মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে। তবে অনুষ্ঠানটির তীব্র বিরোধিতা শুরু করেছে ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ ও ‘ইন্টারফেইথ সেন্টার অফ নিউ ইয়র্ক’-এর মতো বেশ কিছু ধর্মীয় ও নাগরিক সংগঠন।

এমনকি নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিও খোলাখুলি এই আয়োজনের বিরোধিতা করেছেন। যদিও তিনি স্বীকার করেন, কোনো বেসরকারি বা ব্যক্তিগত অনুষ্ঠান আইনত বন্ধ করে দেওয়ার একতিয়ার তাঁর নেই।

মেয়রের মন্তব্যের পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে আরএসএস। সংঘের বর্ষীয়ান আধিকারিক সুনীল আম্বেকর জানান, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ইনফোসিস থিয়েটারে আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ মূলত সর্বজনীন সম্প্রীতি ও বিভিন্ন মতবাদের মিলনমেলা। সংঘের দর্শন স্পষ্ট করতে এই উন্মুক্ত আলোচনায় যে কাউকে স্বাগত জানানো হচ্ছে।

এদিকে এই ইস্যুতে মেয়রের আচরণের কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় মার্কিন গায়িকা মেরি মিলবেন। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, মূলত নরেন্দ্র মোদি ও বিজেপির প্রতি রাজনৈতিক বিদ্বেষ থেকেই উগ্র বামপন্থীরা মোহন ভাগবতের এই আয়োজনে বাধা সৃষ্টি করছে। সব মিলিয়ে, প্রবাসী ভারতীয়দের এই সমাবেশ কেন্দ্র করে এখন আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *