পুজোর আগেই ফ্যাশন দুনিয়ায় শাড়ির জাদু, কঙ্গনার সাজে মুগ্ধ নেটপাড়া!
বার্তা ডেস্কঃ
কৃতী শ্যাননের পোশাক নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নজরকাড়া বেগুনি রঙের ‘অহিংসা’ সিল্ক শাড়িতে ধরা দিলেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত। উত্তর-পূর্ব ভারতের ফিলোসামিয়া রিকিনি মথ থেকে সংগৃহীত এই বিশেষ সিল্ক তৈরিতে কোনো মথকে হত্যা করা হয় না বলেই একে ‘অহিংসা সিল্ক’ বলা হয়। শাড়িটির প্রাকৃতিক বেগুনি রং ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে লোহার গুঁড়ো ও ডালিমের মতো উপাদান। সম্পূর্ণ হাতে বোনা এই এক্সক্লুসিভ শাড়িটি তৈরি করতে কারিগরদের সময় লেগেছে আড়াই মাস।
ম্যাট ফিনিশ ও কিছুটা তুলোর মতো ছোঁয়াযুক্ত এই ঐতিহ্যবাহী শাড়িটি গ্রীষ্মে ঠান্ডা এবং শীতে উষ্ণতা বজায় রাখতে দারুণ কার্যকরী। কঙ্গনার পরনের এই রাজকীয় শাড়িটির আনুমানিক মূল্য পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে হলেও, এর কারুকাজ ও কৃত্রিম বা প্রাকৃতিক রঞ্জকভেদে দাম সাত হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে। উৎসবের মরসুমে বঙ্গবাসীর ফ্যাশন স্টেটমেন্টে নতুন মাত্রা যোগ করতে এই অনন্য সৃষ্টি এখন রীতিমতো চর্চায় রয়েছে।