রাজ্যের রাস্তায় নিষিদ্ধ ইঞ্জিন ভ্যান, বড় পদক্ষেপ প্রশাসনের!
বার্তা ডেস্কঃ
রাজ্যের রাস্তায় পরিবেশ দূষণ রোধ ও যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ইঞ্জিন ভ্যান চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। সম্প্রতি উত্তরপাড়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কড়া বার্তা দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তাঁর স্পষ্ট বক্তব্য, এই গাড়িগুলির কোনও বৈধ রেজিস্ট্রেশন বা বিমা থাকে না, যা দুর্ঘটনা ঘটলে বড় বিপদ ডেকে আনে। তাই টোটোর পর এবার রাজ্যের রাস্তা থেকে ইঞ্জিন ভ্যান সরাতে এক থেকে দেড় মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্তের ফলে জীবিকা হারানো চালকদের কথা ভেবে বিকল্প ব্যবস্থার আশ্বাসও দিয়েছে প্রশাসন। বিকল্প হিসেবে পিকআপ ভ্যান কেনার জন্য চালকদের আর্থিক সহায়তা করা হবে এবং প্রতিটি বিধানসভা এলাকায় ১০০টি করে অটো ও ম্যাজিক গাড়ির পারমিট দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও হঠাৎ এই ঘোষণায় চিন্তায় পড়েছেন চালকদের একাংশ, তবে সরকারি সহযোগিতার আশ্বাস কিছুটা স্বস্তি জুগিয়েছে তাঁদের মনে।