ঘাসফুল কাটলে আরও বাড়বে, বিলবোর্ড ইস্যুতে পুলিশকে তীব্র ভর্ৎসনা অভিষেকের!
বার্তা ডেস্কঃ
কলকাতা ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি এবং বাকবিতণ্ডা বাঁধে। এই ঘটনার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তিনি হুংকার দিয়ে বলেন, তৃণমূল ঘাসফুলের দল এবং ঘাস কাটলে তা আরও বাড়ে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে স্থানীয় অন্যান্য অবৈধ বোর্ডগুলি না সরিয়ে পুলিশ একপাক্ষিক আচরণ করছে এবং এর বিরুদ্ধে হাইকোর্টে রিট ফাইল করা হবে।
এদিনের সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ তুলে অভিষেক দাবি করেন, যারা বিজেপির পক্ষ নিয়ে কাজ করছে তাদের সব অপরাধ মাফ। সাধারণ মানুষের ঘরবাড়ি ও রুজি-রোজগার বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়ার তীব্র সমালোচনা করেন তিনি। এ সময় এক সাংবাদিক অবৈধ জবরদখল সংক্রান্ত প্রশ্ন করলে অভিষেক পাল্টা প্রশ্ন ছুড়ে দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অতীতের চা বিক্রির প্রসঙ্গ টেনে কড়া আক্রমণ শানান।