নিউ ইয়র্কে মোহন ভাগবতের সভা ঘিরে তুলকালাম, আয়োজকদের এক্স অ্যাকাউন্ট হ্যাক!
বার্তা ডেস্কঃ
আগামী ২৯ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে আরএসএস প্রধান মোহন ভাগবতের নির্ধারিত সভাকে কেন্দ্র করে মার্কিন মুলুকে রাজনৈতিক পারদ চড়েছে। শতবর্ষ উপলক্ষে বিশ্বব্যাপী প্রচার অভিযানের অংশ হিসেবে বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন সংঘপ্রধান। তবে তাঁর এই সফর ও অনুষ্ঠান নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। মেয়রের এই বিরোধিতার আবহে হঠাৎ করেই অনুষ্ঠানের আয়োজক সংস্থা ‘আমেরিকান হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ (অ্যাহেড)-এর এক্স অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আয়োজকদের দাবি, বিরোধীরা অসৎ উদ্দেশ্যে বট ব্যবহার করে সুপরিকল্পিতভাবে তাঁদের এক্স হ্যান্ডেল ব্লক করানোর চেষ্টা চালিয়েছিল। যদিও পরবর্তীতে অ্যাকাউন্টটি দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং এক্স-এর সহায়তা টিমকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। আমেরিকার পর কানাডা ও ব্রিটেন সফরের কথা রয়েছে মোহন ভাগবতের। আগামীকালের এই ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস’ অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম হওয়ার অনুমান করা হলেও, বর্তমান পরিস্থিতিতে এই অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।