হড়পা বানে বিপর্যস্ত নেপাল, বাঁধ ভাঙার আশঙ্কায় কাঁপছে তিব্বত সীমান্ত!
বার্তা ডেস্কঃ
নেপালে নতুন করে ভয়াবহ বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিব্বত সীমান্তে বাঁধ বিস্ফোরণ এবং হ্রদে জলোচ্ছ্বাসের জেরে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, নুয়াকোট এলাকায় স্বাভাবিকের চেয়ে পাঁচ গুণ বড় জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে। উপরিভাগের হিমবাহ ভাঙার পাশাপাশি চিনের সিচুয়ান প্রদেশে ৫.১ মাত্রার ভূমিকম্প পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চোচেন খোলা এবং পুরেপু সাংপো নদীর সঙ্গমস্থলে তৈরি প্রতিবন্ধক হ্রদের জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই মহাবিপদের আশঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে নেপাল পুলিশ ও প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। নুয়াকোটের সীমান্তবর্তী জনবসতিপূর্ণ এলাকাগুলো খালি করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। নদীতীরবর্তী অঞ্চলে লাগাতার মাইকিং করে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল এবং বিপর্যয় মোকাবিলা কর্মীরা পুরোপুরি প্রস্তুত রয়েছেন। তবে গিরং সীমান্তের হ্রদের জলস্তর বিপৎসীমার ওপরে থাকায় এবং অতিরিক্ত ঝুঁকির কারণে বেশ কিছু এলাকায় সাময়িকভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। প্রশাসনের তরফ থেকে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।