শিয়ালদা লাইনে মেগা ব্লক, চরম ভোগান্তির মুখে হাজার হাজার যাত্রী!

বার্তা ডেস্কঃ

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদা স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য টানা ৭ ঘণ্টা বা ৪২০ মিনিটের ট্রাফিক ব্লক ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অগাস্ট মধ্যরাত ১২টা থেকে ৩০ অগাস্ট সকাল ৭টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই দীর্ঘ মেগা ব্লকের জেরে শিয়ালদা মেইন লাইন, বনগাঁ লাইন এবং ডানকুনি লাইনের ট্রেন চলাচল ব্যাহত হবে। যাত্রীদের যাতায়াতে যাতে বড় ধরনের সমস্যা না হয়, সেই কারণে সপ্তাহান্তের এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে।

এই বিশেষ কাজের অংশ হিসেবে শিয়ালদা স্টেশনের ডাউন মেইন লাইনে ট্র্যাকের পুরনো ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট সম্পূর্ণ পরিবর্তন করা হবে। এর ফলে নির্ধারিত সময়ে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আপ ও ডাউন মিলিয়ে মোট ১০টি লোকাল ট্রেন চলাচল করবে না। এছাড়া লালগোলা থেকে ছেড়ে আসা একটি গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন নির্দিষ্ট গন্তব্যের পরিবর্তে দমদম জংশন পর্যন্ত চলাচল করবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *