জেলের সেলে আইফোন, কার সঙ্গে যোগাযোগের ছক কষছিলেন আফতাব আনসারি?

বার্তা ডেস্কঃ

প্রেসিডেন্সি সংশোধনাগারের ১৪ নম্বর সেলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কুখ্যাত অপরাধী আফতাব আহমেদ আনসারির ডেরায় আকস্মিক তল্লাশি চালিয়ে তিনটি মোবাইল ফোন, রাউটার, ওয়াইফাই যন্ত্র এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। গোয়েন্দা পুলিশের কাছে গোপন সূত্রে তথ্য এসেছিল যে জেলের কঠোর নিরাপত্তা বলয় ভেদ করে এই বন্দি অবাধে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করছে। ঘটনার পর কারা দপ্তরের পক্ষ থেকে হেস্টিংস থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

জেলের মতো সুরক্ষিত একটি জায়গায় কীভাবে এতগুলো বৈদ্যুতিন সরঞ্জাম এবং নগদ টাকা পৌঁছাল, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এই কুখ্যাত জঙ্গি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ঠিক কার কার সঙ্গে যোগাযোগ রাখত এবং আন্তর্জাতিক স্তরে বিশেষ করে পাকিস্তানে কোনো সংযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর পেছনে কোনো অসাধু কারা কর্মীর প্রত্যক্ষ মদদ রয়েছে কি না, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এর আগেও সংশোধনাগারের ভেতরে তল্লাশি চালিয়ে একাধিকবার মোবাইল উদ্ধারের ঘটনা ঘটেছিল, যা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *