মমতা ও উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর, পুলিশে ধস্তাধস্তির জেরে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া নিয়ম ও সময়সীমা লঙ্ঘন করার অভিযোগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। ক্যাথিড্রাল রোডে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের সভাকে কেন্দ্র করে হেস্টিংস থানায় এই স্বতঃপ্রণোদিত মামলাটি রুজু করা হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে রাস্তার উত্তরমুখী লেন খোলা রেখে সভা সম্পন্ন করার কথা ছিল। তবে অভিযোগ উঠেছে, সমর্থকদের ভিড়ের কারণে রাস্তার দু’টি লেনই পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান বজায় থাকে। এর ফলে চরম যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
পুলিশের সূত্রে জানানো হয়েছে, সভা চলাকালীন উপস্থিত সমর্থকদের প্ররোচিত করার অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। এর জেরে উত্তেজিত কর্মী-সমর্থকেরা ব্যারিকেড ভেঙে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং সরকারি কাজে বাধা দেন। আদালতের নির্দেশ অবমাননা, পুলিশকে অসহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মমতা বন্দ্যোপাধ্যায় ও সভার আয়োজকদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।