তারাপীঠে কৌশিকী অমাবস্যায় পুষ্পবৃষ্টি ও থাকার বিশেষ সুযোগ!

বার্তা ডেস্কঃ

রামপুরহাট: বীরভূম সফরে গিয়ে কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভক্তদের জন্য একাধিক বড় চমকের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর রামপুরহাটে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আসন্ন কৌশিকী অমাবস্যা উদযাপনকে আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খল করতে রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও জানান, উৎসবের দিন মন্দিরে আসা পুণ্যার্থীদের জন্য হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির ব্যবস্থা করা হবে। পাশাপাশি ভক্তদের সুরক্ষায় ও সহায়তায় প্রতি ৫ কিলোমিটার অন্তর বিশেষ ‘অ্যাসিস্ট্যান্ট ক্যাম্প’ তৈরি করা হবে। সেখানে বাউল গান, পুলিশি সাহায্য এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা থাকবে।

সাধারণ মানুষের জন্য সস্তায় থাকার ব্যবস্থা: মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখে তারাপীঠে একটি বিশাল ট্যুরিস্ট লজ তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসককে এর পরিকল্পনা রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে কম খরচে পুণ্যার্থীরা এখানে এসে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন।

রাস্তা সংস্কার ও নিরাপত্তা বিষয়ক নির্দেশ: আগামী ১০ অক্টোবরের মধ্যে পুরসভা, পঞ্চায়েত এবং পিডব্লিউডি-র অধীনে থাকা সমস্ত রাস্তা দ্রুত মেরামতের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, রাতে হোটেলে গেস্টদের আটকে রাখতে তালাবন্ধ করে রাখার অভ্যেস অবিলম্বে বন্ধ করতে হবে, কারণ এটি অত্যন্ত বিপজ্জনক।

প্রশাসনিক এই বৈঠকে সিউড়ি মেডিক্যাল কলেজ, দেউচা-পাঁচামি প্রকল্প এবং রেলের উন্নয়নমূলক কাজকর্ম নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *