দাদা আছে তবুও কেন অচেনা কৃষভি, ভাইয়ের সঙ্গেই কি তবে নতুন পথে কাঞ্চন-কন্যা!
বার্তা ডেস্কঃ
টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের পরিবারে পালিত হলো প্রথম রাখি উৎসব। সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়া এই তারকা দম্পতি তাঁদের দুই সন্তানকে নিয়ে রাখি পূর্ণিমা উদযাপন করেছেন। শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে ১৯ মাসের মেয়ে কৃষভি তার ছোট ভাইয়ের হাত ধরে রয়েছে। তবে পারিবারিক বিশেষ নিয়ম অনুযায়ী, ভাইয়ের বয়স অন্তত পাঁচ বছর না হওয়া পর্যন্ত দিদি তার হাতে রাখি বাঁধতে পারে না। এই প্রথার কারণেই নবজাতক ভাইয়ের কবজিতে সরাসরি রাখি পরায়নি কৃষভি। এর জন্য তাকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে। তবে ভাই সরাসরি রাখি না পরলেও, নিয়ম মেনে ঘরের গোপালকে রাখি পরিয়েছে কৃষভি। দুই সন্তানকে নিয়ে এটি কাঞ্চন ও শ্রীময়ীর প্রথম রাখি পূর্ণিমা হওয়ায় দিনটি তাদের কাছে অত্যন্ত বিশেষ ছিল। কারণ প্রায় পনেরো বছর আগের এই রাখি পূর্ণিমার দিনেই শুটিংয়ের সেটে প্রথম আলাপ হয়েছিল এই দম্পতির।
এদিকে কাঞ্চনের প্রথম পক্ষের ছেলে ওশের সঙ্গে অভিনেতার কোনো যোগাযোগ না থাকায়, কৃষভির বড় দাদার সঙ্গে রাখি উদযাপনের কোনো সুযোগ নেই। তারকা দম্পতি তাঁদের দুই সন্তানকেই আপাতত সকলের আড়ালে রেখেছেন। এর আগে কৃষভির ক্ষেত্রেও জন্মের পর মুখ সামনে আনেননি তাঁরা, বরং অন্নপ্রাশনের দিনই প্রথম মুখ দেখানো হয়েছিল। ছোট ছেলের ক্ষেত্রেও একই পথ অনুসরণ করছেন কাঞ্চন ও শ্রীময়ী। সম্প্রতি দ্বিতীয় সন্তান জন্মের পর নানা ট্রোলের মুখে পড়লেও, সমস্ত সমালোচনার জবাব দিয়ে নিজেদের পারিবারিক আনন্দেই ফোকাস করছেন এই জুটি।