অবশেষে প্রকাশিত ইউজিসি নেট-এর ফল, আপনি কি সফল প্রার্থীদের তালিকায় আছেন?

বার্তা ডেস্কঃ

প্রকাশিত হলো চলতি বছরের জুন মাসের ইউজিসি নেট পরীক্ষার ফলাফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) দেশের ৮৪টি বিষয়ের ফল প্রকাশ করেছে এবং একইসঙ্গে বিষয়ভিত্তিক ও বিভাগভিত্তিক কাট-অফ তালিকাও সামনে এনেছে। গত ২২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত দেশজুড়ে আয়োজিত এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় মোট ৭,৭৩,৮০৬ জন পরীক্ষার্থী নথিভুক্ত হলেও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ৬,০৭,১৫১ জন পরীক্ষার্থী। প্রকাশিত তথ্য অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য উত্তীর্ণ হয়েছেন ৪,২৪১ জন। এছাড়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও পিএইচডি এবং শুধুমাত্র পিএইচডি ভর্তির জন্য যথাক্রমে ৪৫,৯০৪ ও ৯৭,৪৩৪ জন প্রার্থী যোগ্যতা অর্জন করেছেন। পরীক্ষার্থীরা এনটিএ-র অফিশিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ গিয়ে নিজেদের লগইন শংসাপত্র ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।

উল্লেখ্য, প্রশ্নপত্রে ত্রুটির কারণে বাতিল হওয়া ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যা—এই তিনটি বিষয়ের পরীক্ষা এখনও সম্পন্ন হয়নি। এনটিএ জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর ইংরেজি ও বাণিজ্য এবং ১০ সেপ্টেম্বর সমাজবিদ্যার নতুন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তিনটি বিষয়ের চূড়ান্ত ফল পরবর্তীতে প্রকাশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *