বাবার অপমানের প্রতিশোধ, প্রকাশ্যে যুবককে কুপিয়ে খুন!

বার্তা ডেস্কঃ

মুজাফফরনগর: জনসমক্ষে বাবাকে গালাগালি ও হেনস্থা করার বদলা নিতে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন করল দুই ভাই। উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার খাতাউলি থানা এলাকার এই রোমহর্ষক হত্যাকাণ্ডে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত দুই অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, গত ২৬ আগস্ট সর্দার আলম নামে ওই যুবককে ডেকে নিয়ে যায় অভিযুক্ত শাহজেব ও সলিব। একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তার ওপর ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। এলোপাতাড়ি কোপানোর পর রক্তাক্ত অবস্থায় সর্দারকে ফেলে রেখে চম্পট দেয় দুই ভাই। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর মৃতের পরিবারের তরফে খাতাউলি থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। মামলা সমাধানের জন্য পাঁচটি বিশেষ দল গঠন করা হয়েছিল। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পুরো রহস্য উন্মোচন করে অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও।

পুলিশি জেরায় ধৃত দুই ভাই স্বীকার করেছে যে, কিছুদিন আগে একটি চায়ের দোকানে তাদের বাবা সারতাজ ওরফে কাল্লুর সঙ্গে সর্দার আলমের বচসা হয়। সে সময় সর্দার সবার সামনে কাল্লুর দাড়ি ধরে টান দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাবার সেই চরম অপমানের প্রতিশোধ নিতেই নিজেদের বাবাকে সঙ্গে নিয়ে সর্দারকে খুনের নীল নকশা ছকেছিল তারা।

বর্তমানে ঘটনার মূল পরিকল্পনাকারী কাল্লু ও তার বাকি সহযোগীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *