নিউইয়র্কে পা রেখেই ঝড় তুললেন আরএসএস প্রধান!
বার্তা ডেস্কঃ
আরএসএসের (RSS) শতবর্ষ পূর্তি উদযাপনের বিশ্বব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে মার্কিন সফরে গিয়ে শুরুতেই শোরগোল ফেলে দিয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত। শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারের একটি বৃহৎ বিলবোর্ডে “সংকল্প, সম্প্রীতি এবং সংলাপ” বার্তা সহ তাঁর ছবি ভেসে উঠতেই প্রবাসী ভারতীয়দের আনন্দে ভেসে যেতে দেখা যায়।
শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে (MSG) ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ (AHEAD)-এর উদ্যোগে আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ শীর্ষক বিশেষ রক্ষা বন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। প্রায় ৫,০০০ প্রবাসীর উপস্থিতিতে বিশ্ব ঐক্য ও ‘বসুধৈব কুটুম্বকম’ নীতির প্রেক্ষাপটে এই মহাভাষণ অনুষ্ঠিত হতে চলেছে।
তবে এই সফরকে কেন্দ্র করে বিতর্কও শুরু হয়েছে। নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি এই অনুষ্ঠানের প্রকাশ্যে বিরোধিতা করে জানিয়েছেন যে তিনি সংঘ প্রধানের এই সফরকে সমর্থন করছেন না। স্থানীয় রাজনৈতিক চাপ ও সমালোচনা সত্ত্বেও সমস্ত বাধা সরিয়ে ম্যাডিসন স্কোয়ারে মোহন ভাগবতের এই মহাসমাবেশ আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে।