মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ পরিবারের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
August 30, 2026
বার্তা ডেস্কঃ
গত জুলাই মাসে মাঝ সমুদ্রে ১৫ জন মৎস্যজীবীসহ ‘মা কালী’ নামের একটি ট্রলার নিখোঁজ হওয়ার পর চরম অনিশ্চয়তার মুখে পড়েছিল তাদের পরিবারগুলো। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের ৯ জন মৃত মৎস্যজীবীর পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ডের সরকারি নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার রাতে দিঘার একটি সভাগৃহে এই নিয়োগপত্র প্রদান করা হয়।
এর আগে দুর্ঘটনার পর মৃত মৎস্যজীবীদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। সাগরে মাছ ধরতে গিয়ে এই মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছিল গোটা এলাকায়। পরিজন হারানোর সেই গভীর বেদনার মধ্যেই রাজ্য সরকারের এই পদক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে। সরকারিভাবে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।