প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনির বিষাক্ত থাবা, বড় বিপাকে জনপ্রিয় সংস্থাগুলো!

বার্তা ডেস্কঃ

সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে প্যাকেটজাত খাবারের স্বাস্থ্যঝুঁকি কমাতে ঐতিহাসিক পদক্ষেপের প্রস্তাব দিল কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই। শীর্ষ আদালতে পেশ করা হলফনামায় জানানো হয়েছে, অতিরিক্ত চিনি, নুন এবং খারাপ চর্বিযুক্ত খাবারের প্যাকেটের সামনে এবার থেকে উজ্জ্বল লাল রঙের ষড়ভুজাকৃতির সতর্কবার্তা বা ওয়ার্নিং লেবেল দেওয়া হবে। বিচারপতি জে. বি. পারদিওয়ালার বেঞ্চে চলা এক জনস্বার্থ মামলার শুনানিতে শিশুদের মধ্যে ক্রমবর্ধমান ওবেসিটি বা স্থূলতার সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পরেই এই সক্রিয় পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সংস্থা।

নতুন এই প্রস্তাবনা অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে ক্ষতিকর উপাদান বেশি থাকলেই প্যাকেটের সামনের অংশে ট্রাফিক সিগন্যালের মতো লাল রঙের প্রতীক বসানো হবে। পাশাপাশি বড় হরফে হাই সুগার, হাই সল্ট বা হাই ফ্যাট লেখা বাধ্যতামূলক করা হবে। দুটি ধাপে এই নিয়ম চালুর পরিকল্পনা রয়েছে। তবে এই নিয়মের আওতা থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে ঘি, তেল, নুন, চিনি এবং মধুর মতো মৌলিক খাদ্যদ্রব্যগুলিকে। মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস প্রশাসনের পক্ষ থেকেও খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে আরও কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই প্রস্তাবিত লেবেলিং নিয়মের কিছু নির্দিষ্ট উপাদানের বিরুদ্ধে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রস্তুতকারী সংস্থা ও তাদের প্রতিনিধি দলগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *