হোর্ডিং বিতর্কে এবার লালবাজারে তলব মমতা ঘনিষ্ঠ হেভিওয়েট সাংসদ!
বার্তা ডেস্কঃ
ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের ছাদ থেকে অনুমোদনহীন হোর্ডিং সরানোকে কেন্দ্র করে পুলিশ ও শাসক দলের সংঘাত আরও তীব্র হলো। এই ঘটনায় এবার তলব করা হলো তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার সকাল ১১টায় তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় থানায় হাজিরার নোটিস পাঠানো হয়েছে।
গত ২৭ আগস্ট কলকাতা পুরসভার আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে ওই দফতরের ছাদ থেকে হোর্ডিং সরাতে গেলে বচসা ও ধস্তাধ্বস্তির সৃষ্টি হয়। সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত কর্মীদের মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় এখনও পর্যন্ত চৌদ্দজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এই পুলিশি পদক্ষেপ ও দফতর খালি করার আইনি নোটিস ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে উঠেছে।