নেপালে ভয়াবহ হড়পা বান! মৃতের সংখ্যা ৬৭৬, নিখোঁজ ৩ হাজার!
বার্তা ডেস্কঃ
নেপাল ও চীন সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ হড়পা বানের চতুর্থ দিনেও উদ্ধার ও ত্রাণকাজ জোরকদমে চলছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত মোট ৬৭৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। রেড ক্রসের তথ্য অনুযায়ী, বন্যায় দেশটিতে প্রায় ৯৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সেনাসহ প্রায় ১১ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং এখন পর্যন্ত ২,৪৬৫ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নুওয়াকোট জেলায় আবহাওয়ার উন্নতি হওয়ায় হেলিকপ্টারে করে উদ্ধারকাজ ত্বরান্বিত করা হয়েছে।
এদিকে দেশের ক্ষতিগ্রস্ত পরিকাঠামো পুনর্গঠনে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করছে নেপাল সরকার। তবে আবহাওয়া দফতর নতুন করে বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় পাহাড়ি অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজদের সন্ধান ও আটকে থাকা মানুষদের দ্রুত উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।