লারাক দ্বীপে হামলার বদলা, জর্ডনে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান!

বার্তা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার পারদ চড়িয়ে মার্কিন সেনার হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা ভয়াবহ হামলা চালাল ইরান। জর্ডনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দু’টি সামরিক ঘাঁটিতে একের পর এক মিসাইল বর্ষণ করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)। তেহরানের দাবি, তাদের এই হামলায় মার্কিন ঘাঁটি দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

ঘটনার পেছনের প্রেক্ষাপট: আমেরিকান প্রশাসনের দাবি, আন্তর্জাতিক নৌ-পরিবহন রুট হরমুজ় প্রণালীতে মাইন বসানোর তোড়জোড় করছিল ইরান। এর জবাবে প্রণালীর কাছে লারাক দ্বীপে ইরানের সামরিক অবস্থান লক্ষ্য করে আঘাত হানে মার্কিন সেনা। এ হামলায় ইরানের দু’টি গুরুত্বপূর্ণ মিসাইল লঞ্চার সিস্টেম ধ্বংস হয় বলে আমেরিকার দাবি। তেহরান এ হামলার কথা স্বীকার করে নিয়ে সঙ্গে সঙ্গেই কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।

‘আগ্রাসীর শাস্তি’ অভিযান: মার্কিন হানার বদলা নিতে রাতে শুরু হয় ইরানের প্রত্যাঘাত। IRGC এই অভিযানের নাম দেয় ‘জলশমেন্ট অফ দ্য অ্যাগ্রেসর’ (আগ্রাসীর শাস্তি)। জর্ডানের ‘কিং হুসেইন’ এবং ‘আল আজরাক’—এই দুটি মার্কিন সামরিক ঘাঁটিকে নিশানা করে মিসাইল ছোড়া হয়। ইরানের দাবি, এই হামলায় আমেরিকানদের প্রযুক্তিগত পরিকাঠামো, সরঞ্জাম মেরামতির কেন্দ্র এবং যুদ্ধবিমান মোতায়েনের কৌশলগত এলাকাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়েছে কি না বা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো স্পষ্ট নয়।

এক বিবৃতিতে IRGC স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শত্রুশক্তি কখনো সামুদ্রিক এই গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিতে পারবে না এবং যেকোনো আক্রমণের জবাব হবে আরও কঠোর। হরমুজ় প্রণালী ও লারাক দ্বীপকে কেন্দ্র করে আমেরিকা-ইরান দ্বন্দ্বে বর্তমানে সমগ্র মধ্যপ্রাচ্যে সামরিক উত্তাপ তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *