পুজোর আগে কি মিলবে স্বস্তি? অনিশ্চিত ৭০০ বাসের ভবিষ্যৎ!
বার্তা ডেস্কঃ
খাতায়-কলমে বাস থাকলেও বাস্তবে রাস্তায় নামানোর উপায় নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার মোট প্রায় ৭০০টি বাস ব্যবহারের অযোগ্য বা কনডেমড হয়ে পড়ে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র চালক ও কন্ডাক্টরের আকাল। রাজ্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ বাঁকুড়ার ছাতনায় এক দলীয় সভায় যোগ দিয়ে সরকারি পরিবহণের এই বেহাল দশা তুলে ধরেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্গাপুজোর আগে মহিলাদের জন্য বহুল প্রচারিত ‘পিঙ্ক কার্ড’ পরিষেবা কোনোভাবেই চালু করা সম্ভব নয়। পুরনো বাস বাতিলের খাতায় চলে যাওয়ায় এবং পর্যাপ্ত কর্মী না থাকায় বহু রুটে সরকারি বাস পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
দুই রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই করুণ ছবির কারণে চরম ভোগান্তির আশঙ্কায় রয়েছেন সাধারণ যাত্রীরা। উৎসবের মরসুমে যখন যাত্রীদের চাপ দ্বিগুণ হয়, তখন বাসের এমন আকাল পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেই মনে করা হচ্ছে। যদিও মন্ত্রী পরিস্থিতি সামাল দিতে দ্রুত চালক ও কন্ডাক্টর নিয়োগের আশ্বাস দিয়েছেন, তবুও বাতিল বাসগুলোর বিকল্প ব্যবস্থা না হওয়ায় জনমনে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। অবিলম্বে এই সঙ্কট দূর করে পরিষেবা স্বাভাবিক না করলে উৎসবের আনন্দ ম্লান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিজ্ঞমহল।