আদ্রা স্টেশনে লিফটে বিভ্রাট, ৩ ঘণ্টা আটকে শিশুসহ মহিলারা!
বার্তা ডেস্কঃ
পুরুলিয়া জেলার আদ্রা রেলস্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী লিফট আচমকাই মাঝপথে বিকল হয়ে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায়। লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ভিতরে আটকে পড়েন এক শিশু-সহ একাধিক মহিলা যাত্রী। দীর্ঘক্ষণ দরজা না খোলায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আদ্রা আরপিএফের কর্মীরা এবং রেলের আধিকারিকরা। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে লিফটের বাইরে থেকে তাঁদের কাছে পানীয় জল ও বিস্কুট পৌঁছে দেওয়া হয়।
প্রায় তিন ঘণ্টা ধরে চলা দীর্ঘ উদ্ধার অভিযানের পর রেল ইঞ্জিনিয়ারদের চেষ্টায় লিফটের দরজা খুলে সকলকে নিরাপদে বাইরে বের করে আনা হয়। আকস্মিক এই ঘটনায় স্টেশনের রক্ষণাবেক্ষণ ও জরুরিকালীন প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ যাত্রীরা। কেন লিফট বিকল হলো এবং উদ্ধারকাজে কেন এত সময় লাগল, তা নিয়ে এখনও রেলের পক্ষ থেকে কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি। তবে এই ঘটনার জেরে যাত্রীদের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে বড়সড় উদ্বেগের সৃষ্টি হয়েছে।