বার্তা ডেস্কঃ
নিরাপত্তারক্ষীদের কঠোর নজরদারির ফাঁদ এড়াতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী ও তাদের মদতদাতারা যোগাযোগ রক্ষায় নতুন কৌশল গ্রহণ করেছে। পাকিস্তানভিত্তিক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বিভিন্ন জঙ্গি সংগঠন জম্মু ও কাশ্মীরের যুবকদের মগজধোলাই এবং গোপন বার্তা আদান-প্রদানের জন্য পর্নোগ্রাফি ওয়েবসাইট ও বিশেষ কিছু এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার শুরু করেছে। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমে গোয়েন্দা নজরদারি জোরদার হওয়ায় তারা এই বিকল্প পথ বেছে নিয়েছে। বর্তমানে এমন কিছু পর্ন ওয়েবসাইটকে যোগাযোগের মাধ্যম করা হয়েছে, যেগুলোতে লাইভ চ্যাট ও ডেটিং ফিচার রয়েছে।
পরিচয় গোপন রাখতে এবং মেসেজের উৎস ট্র্যাক করা আসাম্ভব করতে জঙ্গিরা কোট্যাক্স, কোনিয়ন এবং মুনচ্যাটের মতো বেনামী ও টোর-ভিত্তিক অ্যাপ ব্যবহার করছে। এর পাশাপাশি সিম কার্ড ছাড়াই পরিচালিত ফরাসি ও ভিয়েতনামী অ্যাপ এবং ভার্চুয়াল সিম কার্ডের অপব্যবহার করা হচ্ছে। ভিপিএন ও চাইনিজ ব্যাকগ্রাউন্ডের পিজিপি এনক্রিপশনের মাধ্যমে নিষিদ্ধ ওয়েবসাইটগুলো সচল রাখা হচ্ছে। এই প্রযুক্তিগুলো কম গতির ২জি নেটওয়ার্কেও সমানভাবে কাজ করায় দুর্গম পাহাড়ি অঞ্চলেও জঙ্গিরা যোগাযোগ রক্ষা করছে। তবে সন্ত্রাসবাদীদের এই ডিজিটাল চক্রান্ত রুখতে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী নতুন সাইবার নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছে।