দ্রুত পণ্য পৌঁছানোর তাড়ায় ঝরছে তরতাজা প্রাণ!
বার্তা ডেস্কঃ
September 1, 202610:33 am
কেন্দ্রীয় সরকারের বারবার সতর্কবার্তা সত্ত্বেও কুইক কমার্স ও অ্যাপভিত্তিক পরিবহণ ব্যবস্থার সঙ্গে জড়িত গিগ শ্রমিকদের দ্রুত পণ্য পৌঁছানোর তাড়া দেওয়ার প্রবণতা কমছে না। সামান্য দেরির জন্য উপভোক্তাদের তিরস্কার ও ক্রমাগত তাগাদার কারণে হাড়ভাঙা পরিশ্রম করতে বাধ্য হচ্ছেন অসংগঠিত অর্থনীতির এই কর্মীরা। সম্প্রতি দ্রুত পৌঁছানোর তাগাদায় বারবার ফোন আসায় লরির ধাক্কায় এক গিগ কর্মীর প্রাণহানির ঘটনা সমাজের নির্মম রূপটিই পুনরায় উন্মোচন করেছে। ভারতের মোট অ-কৃষি কর্মশক্তির বিশাল অংশ জুড়ে থাকা গিগ শ্রমজীবীদের কাজের স্থায়িত্ব না থাকলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও গ্রাহকের অসংবেদনশীল আচরণের শিকার হতে হয় তাঁদের নিয়মিত।
শ্রম কোডের আওতায় সামাজিক সুরক্ষা, বিমা ও স্বাস্থ্য সুবিধা দেওয়ার কথা বলা হলেও জনমানসে এঁদের পেশাচিত্রের এখনও কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। প্রযুক্তির আধুনিকতা আমাদের জীবনযাত্রাকে দ্রুততর করলেও সামান্য তাড়াহুড়ো যে একটি তরতাজা প্রাণ কেড়ে নিতে পারে, সেই উপলব্ধির অভাব আজও প্রকট। তাই অ্যাপভিত্তিক পরিষেবা ব্যবহারের সময় উপভোক্তাদের আরও দায়িত্বশীল ও সংবেদনশীল হওয়া জরুরি, যাতে কোনো কর্মীকে আর ঘড়ি ধরে মরণদৌড়ের শিকার হতে না হয়।