নাগপুর জয় করে এবার রাশিয়ার পথে মধ্যমগ্রামের যোদ্ধারা!
বার্তা ডেস্কঃ
September 1, 202612:33 pm
জাতীয় স্তরে অসামান্য সাফল্য অর্জন করে পুরো দেশের নজর কেড়ে নিল বাংলা। মহারাষ্ট্রের নাগপুরে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে মধ্যমগ্রামের ‘অ্যাকাডেমি অফ মার্শাল আর্ট অ্যান্ড সেলফ ডিফেন্স’-এর তরুণ অ্যাথলিটরা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫-১৬টি পরাক্রমশালী দলের প্রতিযোগীদের টেক্কা দিয়ে রাজ্যের হয়ে অংশ নেওয়া ১১ জন প্রতিযোগী মোট ১০টি সোনা এবং ১টি রুপোর পদক অর্জন করেছেন।
নাগপুরে মধ্যমগ্রামের ‘RAW’ শিবিরের দাপট জাতীয় স্তরের এই কঠিন লড়াইয়ে মধ্যমগ্রামের একাডেমির ‘রেনডম অ্যাকশন ওয়ারিয়র’ (RAW) দলের ১১ জন খেলোয়াড় নিজেদের সেরাটা উজার করে দেন। মহারাষ্ট্র, তামিলনাড়ু ও রায়পুরের মতো শক্তিশালী ও অভিজ্ঞ প্রতিপক্ষকে পরাস্ত করে একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নেন তাঁরা। প্রতিটি বিভাগে অংশ নিয়ে সবকটি পদক জয় করে রাজ্যে ফেরার এই ঘটনায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ক্রীড়ামহল।
লক্ষ্য এবার আন্তর্জাতিক মঞ্চ শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে অত্যন্ত গর্বিত প্রতিষ্ঠানের প্রধান কোচ অনিমেষ বিশ্বাস। তবে শুধু জাতীয় স্তরেই থেমে থাকতে রাজি নন তিনি। তাঁর মূল লক্ষ্য এখন আন্তর্জাতিক মঞ্চে বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করা। সেই উদ্দেশ্যে খুব শীঘ্রই রাশিয়ায় আয়োজিত হতে যাওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই উদীয়মান যোদ্ধারা। জেলার ক্রীড়াপ্রেমীদের বিশ্বাস, উপযুক্ত সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক সহায়তা পেলে এই তরুণেরা বিশ্বমঞ্চ থেকেও দেশের জন্য আরও বড় গৌরব নিয়ে আসবেন।