চোখের সামনেই ধ্বংস আস্ত গ্রাম! নেপালের ভয়াবহ হড়পা বানে অলৌকিকভাবে বেঁচে ফেরার শিহরণ জাগানো গল্প
বার্তা ডেস্কঃ
নেপালের প্রলয়ংকরী হড়পা বানে বিধ্বস্ত বিস্তীর্ণ অঞ্চল। এই ধ্বংসলীলার মধ্যেই কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ হয়ে যান জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মানসী পারেখ। টানা ৩-৪ দিন তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পরিবার ও অনুরাগীদের মধ্যে তীব্র উৎকণ্ঠার সৃষ্টি হয়।
অবশেষে ইশা ফাউন্ডেশনের তীর্থযাত্রী দলের সঙ্গে অলৌকিকভাবে নিরাপদে মুম্বইয়ে ফিরেছেন তিনি। বিমানবন্দরে স্বজনদের দেখে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে এখনও শিউরে উঠছেন মানসী। তিনি জানান, তিব্বত ও নেপাল সীমান্তের বিশাল ইমিগ্রেশন বিল্ডিং পার করে তিব্বতে প্রবেশ করার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই এই বিপর্যয় ঘটে। মানসীর ভাষায়, “চোখের সামনে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আস্ত একটি গ্রাম এবং সেই ইমিগ্রেশন ভবনটি জলের তোড়ে ভেসে যেতে দেখেছি। ভিডিওগুলো দেখে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।”
চারপাশের করুণ পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি আরও জানান, গোটা এলাকা এখন কেবল কাদার স্তূপ। জলের তোড় এতটাই তীব্র ছিল যে মানুষ ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত ভেসে গেছে। প্রকৃতির এই তাণ্ডব প্রত্যক্ষ করে তিনি উপলব্ধি করেছেন যে জীবনে যেকোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। সব অনিশ্চয়তা কাটিয়ে তিনি সুস্থদেহে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁর ভক্ত ও পরিবারের সদস্যরা।