টোটোর দাপটে থমকে বাস, সোমবার থেকে স্তব্ধ নদিয়া!
বার্তা ডেস্কঃ
সপ্তাহের প্রথম দিনেই বড় সড় পরিবহণ সংকটের মুখে নদিয়া জেলা। জাতীয় ও রাজ্য সড়কে বেআইনি অটো এবং টোটোর দৌরাত্ম্য বন্ধের দাবিতে সোমবার থেকে জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত বেসরকারি বাস পরিষেবা।
কৃষ্ণনগর, রানাঘাট, করিমপুর, পলাশী, নবদ্বীপ, দত্তপুলিয়া এবং কালনা ঘাটের মতো জেলার প্রধান ও গুরুত্বপূর্ণ সব রুটেই সকাল থেকে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে কাজ ও গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন লক্ষ লক্ষ নিত্যযাত্রী ও দূরপাল্লার ভ্রমণকারীরা। কলকাতা থেকে করিমপুরগামী এক যাত্রী সুপর্ণা বিশ্বাস জানান, বাসমালিক ও টোটোচালকদের মধ্যকার এই বিরোধের জেরে সাধারণ মানুষকে অকারণ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাস মালিক ও কর্মীদের অভিযোগ, সরকারি নির্দেশিকা অমান্য করে টোটো ও অটোচালকরা বাসের ঠিক সামনে থেকেই যাত্রী তুলে নিচ্ছেন। এর ফলে দিনে দিনে চরম আর্থিক লোকসানের মুখে পড়ছেন বাসমালিকেরা; এমনকি জ্বালানির খরচ এবং কর্মীদের ন্যূনতম বেতন তোলার মতো পরিস্থিতিও থাকছে না।
নদিয়া জেলা বাস মালিক সংগঠনের প্রতিনিধি হরিকুমার দেবনাথ জানান, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেও টোটো ও ইঞ্জিন ভ্যানের অবাধ চলাচলের কারণে ব্যবসা তলানিতে গিয়ে ঠেকেছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়েই তারা বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।