বন্ধুর স্ত্রীর ছবি বুকে ট্যাটু, বিয়ের উপহার দেখে হতবাক সবাই!
বার্তা ডেস্কঃ
প্রেম এবং বন্ধুত্বের অদ্ভুত এক নজির সামনে এসেছে, যা দেখে রীতিমতো হতবাক নবদম্পতি থেকে শুরু করে নেটদুনিয়া। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক যুবক বিয়ের উপহার হিসেবে নিজের বুকজুড়ে বন্ধু ও তাঁর নবপরিণীতা স্ত্রীর ছবি ট্যাটু করিয়েছেন। বিয়ের সাজে বসা বর-কনের সামনে শার্টলেস হয়ে সেই ট্যাটু প্রদর্শন করেন ওই যুবক। উপহারের প্যাকেট খোলার পর এমন দৃশ্য দেখে প্রথমে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান বর-কনে। পরে অবশ্য বন্ধুর এই অভিনব ও আবেগঘন ভালোবাসা দেখে তাঁকে বুকে টেনে নেন বর এবং আবেগপ্রবণ হয়ে পড়েন।
মুহূর্তেই ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় তীব্র আলোচনা। অনেকেই এই ঘটনাকে বন্ধুত্বের চরম নিদর্শন বলে প্রশংসা করলেও, নেটিজেনদের একটি বড় অংশ এর মধ্যে অন্য মতলব খুঁজেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, বন্ধুকে ভালোবেসে শরীরে এই স্থায়ী ট্যাটু এঁকে ফেলায় ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি হবে কি না। বিশেষ করে দাম্পত্য সম্পর্কে কোনো পরিবর্তন আসলে এই ট্যাটুর পরিণতি কী হবে, তা নিয়েও শুরু হয়েছে জোরদার বিতর্ক। সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্বের এমন অদ্ভুত বহিঃপ্রকাশ সামাজিক মাধ্যমে এখন অন্যতম চর্চার বিষয়।