ডিনার টেবিলে রক্তের দাগ! দুর্গাপুরে সম্পত্তি হাতাতে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে।

বার্তা ডেস্কঃ

পাণ্ডবেশ্বর: রাতের খাবার খেতে যাওয়ার মুহূর্তেই ঘাতকদের নৃশংস আক্রমণ। ধারাল অস্ত্র, হাতুড়ি, শাবল এবং রড দিয়ে উপর্যুপরি আঘাত করে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তাঁর স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার অন্তর্গত পাণ্ডবেশ্বরের মহাল এলাকায়। নিহতের নাম শেখ হাসমত (৪৪)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে শেখ হাসমত মূলত বীরভূমে থাকতেন। তবে গত কয়েক দিন ধরে তিনি পাণ্ডবেশ্বরের মহাল এলাকায় শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন। রবিবার রাতে তিনি যখন রাতের খাবার খেতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়েই আচমকা তাঁর ওপর একদল ঘাতক হামলা চালায়। রড, হাতুড়ি ও শাবলের আঘাতে রক্তাপ্লুত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

মৃতের পরিবারের অভিযোগ, এটি একটি সম্পূর্ণ পরিকল্পিত এবং ঠান্ডা মাথার খুন। শেখ হাসমতের বিপুল সম্পত্তির লোভেই তাঁর স্ত্রী চক্রান্ত করে নিজের ভাইকে দিয়ে এই হামলা চালিয়েছেন। খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ জানানো হলেও এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ ও নেপথ্যের মূল চক্রান্তকারীদের ভূমিকা স্পষ্ট হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *