বিয়ের প্রলোভনে সহবাস ও ছবি ভাইরাল, পুলিশের জালে প্রাক্তন টলি অভিনেতা!

বার্তা ডেস্কঃ

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দু’বছর ধরে এক তরুণী অভিনেত্রীর সঙ্গে সহবাস এবং পরবর্তীতে তাঁর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক প্রাক্তন টেলিভিশন অভিনেতাকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ। অভিযুক্তের নাম শ্যামসুন্দর সাহা। বেলঘরিয়ার বাসিন্দা শ্যামসুন্দর একসময় ছোটপর্দায় অভিনয় করলেও বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত।

পুলিশ সূত্রে খবর, নদিয়ার বাসিন্দা ওই তরুণী মডেলিং ও সিরিয়ালে অভিনয়ের সুবাদে শ্যামসুন্দরের সংস্পর্শে আসেন। পরিচয় থেকে গাঢ় হয় বন্ধুত্ব, এবং পরবর্তীতে হরিদেবপুরের একটি ভাড়া বাড়িতে তাঁরা লিভ-ইন শুরু করেন। অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক বজায় রাখেন ওই যুবক।

পরবর্তীতে তরুণী বিয়ের জন্য চাপ দিলে শ্যামসুন্দর সম্পর্ক ভেঙে যোগাযোগ বন্ধ করে দেন। অভিযোগ, এখানেই না থেমে ওই অভিনেত্রীর বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও তথ্য তাঁর বন্ধু মহলে ছড়িয়ে দেওয়া হয়। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

অভিযোগের পর থেকেই শ্যামসুন্দর পলাতক ছিলেন। তবে গোপন সূত্রের খবর ও প্রযুক্তির সাহায্য নিয়ে বেলঘরিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে হরিদেবপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, এর আগেও একাধিক তরুণীকে একইভাবে প্রতারণা করার রেকর্ড রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিশদ তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *