পুজোয় নেল আর্ট করাচ্ছেন? ডেকে আনছেন মারাত্মক বিপদ!
বার্তা ডেস্কঃ
পুজোর আগে পার্লারে গিয়ে ‘নেল আর্ট’ করানোর ক্রেজ এখন চরমে। কিন্তু এই শৌখিনতার আড়ালেই লুকিয়ে রয়েছে বড়সড় স্বাস্থ্যঝুঁকি, যা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন শহরের বিশিষ্ট ত্বকরোগ বিশেষজ্ঞরা। জেল নেলপালিশে থাকা ‘টিপিও’ (ট্রাইমিথাইলবেঞ্জল ডাইফেনাইল ফসফিন অক্সাইড) নামক রাসায়নিকটি প্রজনন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ইউরোপের বিভিন্ন দেশে এটি ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে এবং ওইসিডি-র গাইডলাইনে একে হানিকর বলে চিহ্নিত করা হয়েছে। ইউভি আলোর সাহায্যে নখ শক্ত করার এই প্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিক মেয়েদের ঋতুস্রাবে মারাত্মক গোলযোগ সৃষ্টি করতে পারে এবং এর জেরে বন্ধ্যত্বের মতো গুরুতর সমস্যাও দেখা দিতে পারে।
ত্বকরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক লাহিড়ী ও ডা. অভিষেক দে জানাচ্ছেন, নেল আর্টের সময় বারবার অ্যাসিটোন ব্যবহার ও নখ ঘষার ফলে প্রাকৃতিক নখ পাতলা ও দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি, দীর্ঘক্ষণ ইউভি বা এলইডি ল্যাম্পের আলো ব্যবহারের ফলে ত্বকে ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব পড়ে। ইঁদুরের ওপর চালানো গবেষণায় দেখা গেছে, এই উপাদানের প্রভাবে গর্ভবতী মায়েদের ভ্রূণেরও মারাত্মক ক্ষতি হতে পারে। অথচ আমাদের দেশের পার্লারগুলিতে এ বিষয়ে কোনও কড়া নজরদারি বা সচেতনতা নেই। তাই পুজোর আগে নেল আর্ট করানোর সময় ব্যবহারের উপাদানের তালিকা ভালো করে পড়ে নেওয়ার এবং অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।