পিত্তথলি ভেবে অ্যাপেনডিক্স কাটা! বিপন্ন রোগীর পাশে মুখ্যমন্ত্রী, দিলেন আর্থিক সাহায্যের আশ্বাস
বার্তা ডেস্কঃ
কলকাতার নীলরতন সরকার (NRS) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মারাত্মক ডাক্তারি গাফিলতির অভিযোগ সামনে এসেছে। পিত্তথলিতে পাথর অপসারণের বদলে এক রোগীর ভুলবশত অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করে ফেলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ৪৭ বছর বয়সী গোপাল পোড়েল পূর্ব কলকাতার বেলেঘাটার বাসিন্দা এবং পেশায় ১০০ দিনের কাজের কর্মী। পেটের ব্যথায় আল্ট্রাসোনোগ্রাফি করানোর পর তাঁর পিত্তথলিতে পাথর ধরা পড়েছিল। অভিযোগ, NRS-এর সার্জারি বিভাগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সত্তেও গলব্লাডারের জায়গায় তাঁর অ্যাপেনডিক্স কেটে বাদ দেওয়া হয়।
এই চরম বিপাকে পড়া রোগীর খবর পেয়ে সরাসরি উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। ভুক্তভোগী গোপালবাবু জানান, মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রতিনিধিরা তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করে চিকিৎসার খরচ বাবদ আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং সেই সংক্রান্ত অনুমোদনও সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে এবং সেখান থেকে চিকিৎসার যাবতীয় নথিপত্র চাওয়া হয়েছে।
স্থানীয় বিধায়ক কুণাল ঘোষের মাধ্যমেই প্রথমে এই ঘটনা প্রকাশ্যে আসে এবং তিনিই গোপালবাবুর চিকিৎসার জন্য দরবার করেন। অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায় ঘটনাটির রিপোর্ট তলব করলেও পরবর্তীতে NRS-এর বিরুদ্ধে ওঠা এই চিকিৎসা বিভ্রাটের অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেন। তবে সব হারিয়ে নিঃস্ব গোপালবাবু মুখ্যমন্ত্রীর এই মানবিক পদক্ষেপে বড় সহায়তার মুখ দেখছেন।